
আন্তর্জাতিক ডেস্ক,
জাপানের পূর্ব উপকূলের দিকে দ্রুত এগিয়ে আসছে শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘দুজুয়ান’। এর প্রভাবে রাজধানী টোকিওসহ আশপাশের এলাকায় শুরু হয়েছে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, পরিস্থিতি আরও অবনতি হলে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসের আশঙ্কা রয়েছে। শনিবার থেকে ইজু দ্বীপপুঞ্জসহ উপকূলীয় এলাকায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।
অতিরিক্ত বৃষ্টির কারণে টোকিওর কাছের ওশিমা শহরে সর্বোচ্চ মাত্রার ভূমিধস সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগের প্রভাবে স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।
ঝড়ের কারণে আইচি প্রশাসনিক অঞ্চলে এশিয়ান গেমসের ঘোড়দৌড় প্রতিযোগিতা স্থগিত করে মঙ্গলবার নেওয়া হয়েছে। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নিউইয়র্ক যাত্রার ফ্লাইটও চার ঘণ্টা বিলম্বিত হয়েছে।
আবহাওয়াবিদদের আশঙ্কা, ‘লিনিয়ার রেইন ব্যান্ড’ তৈরি হলে কোনো এলাকায় দীর্ঘসময় ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে দ্রুত বন্যা ও ভূমিধসের পরিস্থিতি তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে।

























