
বিনোদন ডেস্ক,
অভিনয় দিয়ে দর্শকের ভালোবাসা পাওয়া অভিনেত্রী তানিয়া বৃষ্টি বেশ কিছুদিন ধরে শোবিজ অঙ্গন থেকে দূরে রয়েছেন। নাটক, ওটিটি ও চলচ্চিত্র—তিন মাধ্যমেই অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করা এই অভিনেত্রী বর্তমানে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় আছেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর থেকেই অভিনয় থেকে বিরতি নেন তিনি। প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হলে সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়।
দ্বিতীয় অস্ত্রোপচার সফল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছিলেন তানিয়া। তখন তিনি জানিয়েছিলেন, সামনে আরও একটি অস্ত্রোপচার প্রয়োজন হবে। তবে সেটি তাৎক্ষণিকভাবে নয়, কয়েক মাস পর করার পরিকল্পনা রয়েছে।
এরই মধ্যে কেটে গেছে কয়েক মাস। ফলে তানিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহও বেড়েছে। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বর্তমানে তার শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। সবকিছু অনুকূলে থাকলে খুব শিগগিরই ক্যামেরার সামনে ফিরতে পারেন এই অভিনেত্রী।
অসুস্থতার কারণে শুটিংয়ে অংশ নিতে না পারলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তানিয়া। নিয়মিত নিজের ছবি প্রকাশের পাশাপাশি নিজের অভিনীত নাটকের প্রচারণাতেও অংশ নিচ্ছেন তিনি।
এদিকে অভিনয়ে ফেরার অপেক্ষায় থাকা তানিয়ার হাতে রয়েছে ‘ট্রাইব্যুনাল’ সিনেমাটি। রায়হান খান পরিচালিত এই চলচ্চিত্রে তার সঙ্গে অভিনয় করেছেন তারিক আনাম খান, সাবেরী আলম, নুসরাত ফারিয়া, মৌসুমী হামিদ, আদর আজাদসহ আরও অনেকে।
দীর্ঘ চিকিৎসা ও শারীরিক প্রতিকূলতা কাটিয়ে আবারও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তানিয়া বৃষ্টি। তার শারীরিক অবস্থার উন্নতির খবরে স্বস্তি প্রকাশ করেছেন ভক্ত-অনুরাগীরা। এখন তাদের অপেক্ষা, কবে পুরোপুরি সুস্থ হয়ে আবারও নিয়মিত অভিনয়ে ফিরবেন প্রিয় অভিনেত্রী।

























