
বিনোদন ডেস্ক,
সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়ানোর পর দীর্ঘদিন ধরে বিতর্কের মধ্যে ছিলেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ২০০ কোটি রুপির আর্থিক প্রতারণার মামলায় তার নাম উঠে আসার পর নানা প্রশ্ন ও সমালোচনার মুখে পড়তে হয় তাকে। এবার সেই সময়ের মানসিক চাপ, ভয় এবং সুকেশের কাছ থেকে পাওয়া উপহার নিয়ে মুখ খুলেছেন নোরা।
সম্প্রতি ‘ড্রিম উইথ ডক্টর শিন’ পডকাস্টে নিজের অভিজ্ঞতা তুলে ধরে নোরা জানান, ওই বিতর্ক তার মানসিক স্বাস্থ্যে গভীর প্রভাব ফেলেছিল। এমনকি দীর্ঘ সময় পরও এর প্রভাব তার পেশাগত জীবনকে প্রভাবিত করছে।
নোরা বলেন, ওই সময়ের মানসিক আঘাত এতটাই গভীর ছিল যে এখনো কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে নানা আশঙ্কা কাজ করে। শুধু অর্থ উপার্জনের জন্য কোনো অনুষ্ঠানে গেলেও এরপর কী হতে পারে, তা নিয়ে ভয় হয়। তাকে নিয়ে অনেক নেতিবাচক কথাও বলা হয়েছিল বলে জানান তিনি।
তার ভাষ্য, পরিবার ও ঘনিষ্ঠরা তাকে ভালোভাবে চিনলেও একটা ভয় ছিল—অন্যদের বলা কথা তারা বিশ্বাস করে ফেলবেন কি না। তার জন্য সময়টি ছিল অত্যন্ত সংবেদনশীল।
বিতর্কের জেরে বেশ কিছু ব্র্যান্ডের কাজও হারিয়েছিলেন বলে জানান নোরা। তিনি বলেন, শুধু ওই ব্যক্তির সঙ্গে নাম জড়ানোর কারণে অনেক কাজ হারাতে হয়েছে। এখনো অনেকে তাকে দেখলে সুকেশকে চেনেন কি না বা তার সঙ্গে সম্পর্ক ছিল কি না—এমন প্রশ্ন করেন।
গাড়ি ও উপহারের বিষয়ে নোরার বক্তব্য
সুকেশের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল—এমন ধারণা তৈরি হওয়ায় হতাশ হয়েছিলেন নোরা। তার দাবি, সুকেশের পরিবারের সদস্য ও স্ত্রীসহ কয়েকজনের সঙ্গে একটি অনুষ্ঠানে তার দেখা হয়েছিল। সেখানেই তাকে একটি গাড়িসহ আরও কিছু উপহার দেওয়া হয়।
নোরার ভাষ্য, তিনি ওই অনুষ্ঠানে গিয়েছিলেন এবং সেখানেই পরিবারের সদস্যদের সঙ্গে তার দেখা হয়। তাদের পক্ষ থেকে গাড়ি ও অন্যান্য কিছু উপহার দেওয়া হয়েছিল। তবে তার কাছে বিষয়টি স্বাভাবিকই মনে হয়েছিল।
‘কেউ আমাকে সাহায্য করেনি’
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সঙ্গে ওই সময়ের অভিজ্ঞতাকেও কঠিন বলে বর্ণনা করেছেন নোরা। তার দাবি, প্রায় দুই বছর ধরে তাকে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে।
নোরা বলেন, ওই সময় নিজের জন্য খারাপ লাগত এবং আফসোস হতো—যদি এমন কেউ থাকত, যিনি তাকে সাহায্য করতে পারতেন। কিন্তু পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য কেউ তাকে সহায়তা করেনি।
তিনি আরও জানান, একই সময়ে আরও অনেক শিল্পী ও অভিনেতা নানা সমস্যায় পড়েছিলেন এবং দ্রুত পরিস্থিতি সামলে উঠেছিলেন। কিন্তু তার ক্ষেত্রে সবচেয়ে বেশি কষ্টের বিষয় ছিল, তাকে নিয়ে এমন একটি ধারণা তৈরি করা হয়েছিল যে তিনি সুকেশের সঙ্গে সম্পর্কে ছিলেন এবং তার কাছ থেকে অর্থ নিয়েছেন।
সবশেষে নোরা বলেন, সময়টি তার জন্য ছিল অত্যন্ত কঠিন। নিজেকে খুব একা ও বিভ্রান্ত মনে হতো। অনেক কিছুর মধ্য দিয়ে যাওয়ার সময় তার মনে হয়েছিল, মানুষ তার সঙ্গে অন্যায় আচরণ করছে।

























