
বিনোদন ডেস্ক,
হিন্দি টেলিভিশন ধারাবাহিক ‘ইয়ে রিশতা ক্যা কেহলাতা হ্যায়’-এর কার্তিক চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা মহসিন খান। এবার ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের খবর জানিয়ে ভক্তদের চমকে দিয়েছেন তিনি।
শনিবার সামাজিক মাধ্যমে বাগদানের খবর প্রকাশ করেন মহসিন। একই সঙ্গে জানান, তার হবু স্ত্রীর নাম তামান্না।
বাগদানের বেশ কিছু ছবি শেয়ার করে তামান্নার সঙ্গে সম্পর্কের নানা মুহূর্তের কথাও তুলে ধরেন অভিনেতা। ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
মহসিন জানান, তামান্নার সঙ্গে প্রথম পরিচয় থেকেই তার মনে বিশেষ অনুভূতি তৈরি হয়েছিল। একপর্যায়ে তিনি বুঝতে পারেন, নিজের মনের মানুষকেই খুঁজে পেয়েছেন।
অভিনেতার ভাষায়, তাদের সম্পর্কের গল্প যেন আগে থেকেই লেখা ছিল। এবার ভালোবাসা, বন্ধুত্ব এবং একসঙ্গে নতুন স্মৃতি তৈরির পথচলা শুরু হয়েছে।
তামান্নার সঙ্গে একে অপরের মধ্যে নিজের ‘বাড়ি’ খুঁজে পাওয়াকেই তাদের সম্পর্কের সবচেয়ে সুন্দর বিষয় হিসেবে উল্লেখ করেছেন মহসিন।
বাগদানের খবর প্রকাশের পর মহসিন ও তামান্নাকে শুভেচ্ছা জানিয়েছেন দিব্যাঙ্কা ত্রিপাঠী, স্টিবেন বেন, অদ্রিজা রায়, শ্রদ্ধা আর্যসহ টেলিভিশন অঙ্গনের একাধিক তারকা।
তবে বাগদান সম্পন্ন হলেও কবে তাদের সামাজিক বিয়ের আয়োজন হবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেননি মহসিন খান।

























