
চট্টগ্রাম ব্যুরো,
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগামীকাল ৯ আগস্ট চট্টগ্রাম সফরকে সামনে রেখে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সুন্দর করতে গত এক সপ্তাহে নগরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এলাকায় একাধিকবার সরেজমিনে পরিদর্শন করেছেন চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। অসম্পন্ন কাজ দ্রুত শেষ করা, বিভিন্ন স্থাপনা ও সড়ক এলাকার সৌন্দর্যবর্ধন এবং রং করার কাজেও দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব।
প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে চউকের চলমান বিভিন্ন প্রকল্পের কাজের গতি বাড়াতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে)-এর বিভিন্ন পয়েন্টে চলমান কার্যক্রম বারবার পরিদর্শন করে কাজের অগ্রগতি তদারকি করেছেন চউক চেয়ারম্যান।
চউক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় দৃশ্যমান উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে রং করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় সৌন্দর্যবর্ধনের কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে। যেসব কাজ এখনো অসম্পন্ন রয়েছে, সেগুলো দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
গত এক সপ্তাহে চউকের আওতাধীন বিভিন্ন প্রকল্প এলাকায় একাধিকবার সরেজমিনে পরিদর্শন করেন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। এ সময় তিনি প্রকল্পগুলোর অগ্রগতি, অসম্পন্ন কাজ এবং সফরকেন্দ্রিক প্রয়োজনীয় প্রস্তুতি পর্যালোচনা করেন। কোথাও কাজের গতি কম থাকলে তা দ্রুত বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশনা দেওয়া হয়।
বিশেষ করে শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ককে ঘিরে প্রস্তুতিতে দেওয়া হয়েছে বাড়তি গুরুত্ব। উড়াল সড়কের বিভিন্ন পয়েন্টের কাজ, রং ও সৌন্দর্যবর্ধনসহ দৃশ্যমান বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন চউক চেয়ারম্যান। প্রধানমন্ত্রীর সফরের আগে প্রয়োজনীয় কাজগুলো শেষ করতে দিন-রাত কাজ করছেন সংশ্লিষ্টরা।
চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাকে চট্টগ্রামকে সবুজ, নান্দনিক, টেকসই ও পরিকল্পিতভাবে সাজানোর দায়িত্ব দিয়েছেন। সেই লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর এই সফর নিরবচ্ছিন্ন ও নির্বিঘ্ন করতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে করণীয় সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।”
তিনি বলেন, “অবশিষ্ট কিছু সৌন্দর্যবর্ধনের কাজ রয়েছে। এসব কাজও রাতের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে। প্রধানমন্ত্রীর সফরকে সুন্দর ও সফল করতে চউকের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।”
চউক চেয়ারম্যান আরও বলেন, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে শুধু সাময়িক সৌন্দর্যবর্ধন নয়, চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজের গতি ও গুণগত মান নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও টেকসই নগর হিসেবে গড়ে তুলতে চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

























