
নুর মুহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে ছড়ার পাশের একটি গর্তে পড়ে মোহাম্মদ মুসা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুসা খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওসমান গণি ও শাহনা আক্তার দম্পতির ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শিশুটির মা নামাজ আদায় করছিলেন। এ সময় সবার অজান্তে মুসা বাড়ি থেকে বের হয়ে খেলতে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আশপাশের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়।
একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে একটি ছড়ার পাশের গর্তে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ছড়ার পাশের ওই গর্তটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এলাকায় অনেক শিশু নিয়মিত সেখানে খেলাধুলা করে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা উচিত।
শিশু মুসার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম বিরাজ করছে। একই সঙ্গে এলাকাবাসীর মাঝেও নেমে এসেছে গভীর শোকের ছায়া।ও
























