
আব্বাস উদ্দিন,
ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলার কিশোর জিহাদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ রবিবার (১৯ জুলাই) ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, জিহাদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা সরাইল উপজেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার আহ্বান জানান।
বক্তারা বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ সংঘটনের সাহস কেউ না পায়।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম এবং সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া। এ সময় তারা জিহাদ হত্যা মামলার তদন্ত, আইনগত কার্যক্রম এবং অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে বক্তব্য দেন।


























