
সালমান মির্জা, লক্ষ্মীপুর প্রতিনিধি,
লক্ষ্মীপুরের রায়পুরে আব্দুল মান্নান নামের এক ওমান প্রবাসীকে সম্পত্তির লোভে পিটিয়ে গুরুতর আহত করার পর পাঁচ দিন ঘরে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিত প্রবাসীর নিজের স্ত্রী, দুই ছেলে ও শ্যালকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। বর্তমানে মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ওমান থাকা আব্দুল মান্নানের অর্জিত সম্পদ হাতিয়ে নেওয়ার জন্য তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগ করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১০ জুলাই রাতে জিআই পাইপ দিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করা হয়। হামলায় তার মাথার এক পাশ ও নাক ফেটে যায়।
আঘাতের পর তাকে কোনো চিকিৎসা না দিয়ে উল্টো বাড়িতেই অবরুদ্ধ করে রাখা হয়। পরে ছোট ভাই মো. সেলিম স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে সেখানে ছুটে যান। প্রথমে অভিযুক্তরা মান্নান ঢাকায় আছেন বলে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করলেও, স্থানীয়দের সহযোগিতায় সেলিম তাকে উদ্ধার করেন। চিকিৎসকরা তার মাথায় চারটি ও নাকে তিনটি সেলাই দিয়েছেন।
এ ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগীর ভাই মো. সেলিম বাদী হয়ে স্ত্রী পারভীন বেগম, ছেলে পারভেজ ও মাহাজ এবং শ্যালক ফয়েজের নাম উল্লেখ করে রায়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। সত্যতা পাওয়া সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

























