
সালমান মির্জা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি,
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় শিরিন আক্তার (৩৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী বশির আহম্মেদকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ওই গৃহবধূর ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ডাকাডাকি শুরু করেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে তারা ভেতরে প্রবেশ করে শিরিন আক্তারকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
তৎক্ষণাৎ রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে। রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম ভূঁইয়া জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে আসার পরই এটি হত্যা নাকি আত্মহত্যা—তা নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামীকে হেফাজতে নেওয়া হয়েছে।

























