
মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক যুবলীগ নেতার অবৈধভাবে দখলে থাকা নিরীহ কৃষকের জমি উদ্ধার করে দিয়ে এলাকায় প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা সুলতান মাহমুদ। গত আওয়ামীলীগ সরকারের আমলে স্থানীয় যুবলীগ নেতা দলের প্রভাব খাটিয়ে সশস্ত্র সন্ত্রাসী দিয়ে নিরীহ কৃষক হেলাল উদ্দিনের ১৭ শতাংশ জমি জোরপূর্বক বালু ফেলে দখলে নিয়ে নেয়। আরো বেশ কয়েকজন কৃষকের জমি এভাবেই ওই যুবলীগ নেতা দখলে নেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
কৃষকের মালিকানাধীন জমি উদ্ধার করে দেওয়ায় স্থানীয় এলাকাবাসী ওই ছাত্রদল নেতাকে ধন্যবাদ জানান।
বুধবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের বড় আমদিয়া মৌজার কাজীরটেক এলাকায় ঘটে ঘটনা।
স্থানীয় ভুক্তভোগী জমির মালিকরা জানান, রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কাজীরটেক এলাকার ইউনিয়ন যুবলীগ নেতা মোতালেব মিয়া ও আলী নেওয়াজ নামের প্রভাবশালী ব্যক্তি বিগত আওয়ামীলীগ সরকার আমলে দলের প্রভাব খাটিয়ে বড় আমদিয়া মৌজায় বেশ কয়েকজন কৃষকের জমি ক্রয় না করেই জোরপূর্বক বালু ফেলে জবরদখলে নিয়ে নেয় বলে স্থানীয় জমির মালিকরা অভিযোগ করেন । এরমধ্যে কৃষক হেলাল উদ্দিনের ১৭ শতাংশ সবজি খেত বালু ফেলে জবরদখল করে নেয়। নিরীহ কৃষকরা নারায়নগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ এর কাছে সহযোগিতা চায়। এরপর মঙ্গলবার বিকেলে ওই যুবলীগ নেতার অবৈধভাবে দখলে থাকা ১৭ শতাংশ জমি মেপে কৃষককে বুঝিয়ে দেওয়া হয়। পরে যুবলীগ নেতা মোতালিব মিয়া ও আলি নেওয়াজ তাদের ভাড়াটে সন্ত্রাসী দিয়ে নিরীহ কৃষকদের ওপর হামলা চালানোর চেষ্টা করে। পরে ছাত্রদল নেতা সুলতান মাহমুদ স্থানীয় এলাকাবাসী তা প্রতিহত করে। নিরীহ কৃষকদের জমি মেপে বুঝিয়ে দেওয়ায় এলাকার মানুষ ছাত্রদল নেতা সুলতান মাহমুদকে ধন্যবাদ জানান এবং সব সময় নিরীহদের পাশে থাকার আহ্বান জানান।
ভুক্তভোগী কৃষক হেলাল উদ্দিন জানান, আওয়ামী লীগের শক্তি দিয়ে জোরপূর্বক জমি থেকে সরিয়ে দিয়ে বালু ফেলে দখলে নেয়। সুলতান মাহমুদসহ স্থানীয়দের সহযোগিতায় জমি ফেরত পেয়ে আমি খুশি।
ভুক্তভোগী জমির মালিকরা জানান, তাদের জমি পেশি শক্তি দিয়ে আলী নেওয়াজ ও তার লোকজন জবরদখল করে নিয়েছে। আমরা আমাদের জমি ফেরত চাই।
এ ব্যাপারে আলী নেওয়াজ ও মোতালিব মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তারা দাবি করেন, তাদের ক্রয়-কৃত সম্পত্তি জোরপূর্বক দখল করে নেওয়া হচ্ছে। কোন কৃষকের জমি তারা দখল করেননি।
নারায়নগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ বলেন, কৃষকের জমি মেপে বুঝিয়ে দেওয়ার সহযোগিতা করায় আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে। আমি সব সময় নিরীহ কৃষকদের পাশেই থাকবো।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সরকারি পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, জমি দখল নিয়ে অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। এক পক্ষ অভিযোগ করে তার জমি দখলে নিয়ে নিচ্ছে। আরেক পক্ষ অভিযোগ করে জোরপূর্বক অবৈধভাবে দখলে থাকা জমি মেপে বুঝিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।

























