
সজল চন্দ্র রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এক দশক পূর্ণ করল স্বেচ্ছাসেবী ও অলাভজনক সংগঠন ‘এক টাকায় শিক্ষা’। প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার (১৪ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার-সংলগ্ন অডিটোরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অরাজনৈতিক এ সংগঠনটি গত এক দশক ধরে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উজ্জয়নী রায় ও তাহসিন ইবনাতের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বর্তমান সভাপতি সানু আক্তার নদী।
অনুষ্ঠানে সংগঠনটির দীর্ঘ পথচলার স্মৃতিচারণ, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন প্রতিষ্ঠাতা মো. রিজুয়ান, ফাউন্ডিং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সাঈদ ছাফি, সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন, ফাউন্ডিং মেম্বার ও সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সামসুদ্দোহা সৌরভ এবং উপদেষ্টা সাজ্জাদ হোসেন হৃদয়।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, সহ-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জিহাদ আহনাফ এবং নির্বাহী সদস্য সোহানুর রহমান ও সালমান ফরসী।
দশক পূর্তির এ আয়োজনে সংগঠনটির বর্তমান ও সাবেক নির্বাহী সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্বেচ্ছাসেবী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন পর্যায়ের অতিথিরা অংশ নেন। এ সময় বক্তারা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার প্রসারে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।


























