
নুর মুহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
পরিদর্শনকালে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলে দুর্ভোগের বিভিন্ন দিক সম্পর্কে অবগত হন।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় ত্রাণ ও মানবিক সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এমপি লুৎফুর রহমান কাজল বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা সবার নৈতিক দায়িত্ব। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় স্থানীয় রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, জনপ্রতিনিধি, প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


























