
চট্টগ্রাম প্রতিনিধি:
সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর সংঘটিত বোমা হামলার প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৭ জুলাই ২০২৬) বিকেল ৪টা থেকে ৪টা ৫০ মিনিট পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রবল বর্ষণ উপেক্ষা করেএতে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্য সচিব আরিফ মঈনুদ্দীন, যুগ্ম সদস্য সচিব সাদিয়া আফরিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, যুগ্ম সদস্য সচিব মো. সরোয়ার কামাল এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে গত ০৬ জুলাই সাভারে এনসিপির পূর্বঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে সংঘটিত বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাদের দাবি, ওই বিস্ফোরণে দলের তিনজন কর্মী আহত হয়েছেন।
এ সময় বক্তারা প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। পাশাপাশি তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগও করেন। বক্তারা বলেন, সরকার ও প্রশাসন দায়িত্ব পালনে ব্যর্থ হলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

























