
বিজয় চৌধুরী, ঢাকা
সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের শিক্ষা কার্যক্রমকে সহায়তা করতে রাজধানীর তেজগাঁও বস্তিতে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশন (এনবিএ) পরিচালিত শিক্ষামূলক উদ্যোগ ‘প্রজেক্ট বর্ণমালা’।
অনুষ্ঠিত এ কর্মসূচিতে হাতেখড়ি থেকে সপ্তম/অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় একশতাধিক শিক্ষার্থীর মাঝে খাতা, কলম, পেন্সিল, রাবার, শার্পনারসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রজেক্ট বর্ণমালার ২০ জনেরও বেশি স্বেচ্ছাসেবী শিক্ষক অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট বর্ণমালার প্রধান উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শারমীন সুলতানা। বিশেষ অতিথি ছিলেন প্রজেক্ট বর্ণমালার চিফ মেন্টর এবং ন্যাশনাল ব্রাইটেন অ্যাসোসিয়েশনের (এনবিএ) সভাপতি ও প্রতিষ্ঠাতা তামজিদ মাহমুদ সিয়াম।
প্রধান অতিথি শারমীন সুলতানা শিশুদের শিক্ষার গুরুত্ব তুলে ধরে নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান। পরে তামজিদ মাহমুদ সিয়াম বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা নিশ্চিত করতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে এবং এ লক্ষ্যেই প্রজেক্ট বর্ণমালা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা স্বেচ্ছাসেবী শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রকল্পের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
প্রজেক্ট বর্ণমালার নির্বাহী পরিচালক নাবিলা আহমেদ প্রজ্ঞা জানান, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং তাদের নিয়মিত শিক্ষার সঙ্গে সম্পৃক্ত রাখতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

























