
নুর মুহাম্মদ, কক্সবাজার:
রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধোয়াপালং নয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজের পূর্বে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মসজিদটির উদ্বোধন করেন খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি। উদ্বোধনের পর নবনির্মিত মসজিদে প্রথম জুমার নামাজ আদায় করা হয়। নামাজে ইমামতি করেন মরিচ্যা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আলমগীর আজিজী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি। বিশেষ অতিথি ছিলেন খুনিয়াপালং ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন রামু কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল হক, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আরিয়ান শাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মসজিদ নির্মাণে এলাকাবাসীর ঐক্য, আন্তরিকতা ও সহযোগিতা প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, নবনির্মিত এই মসজিদ ধর্মীয় শিক্ষা, ইবাদত-বন্দেগি এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সাংবাদিক মো. ইলিয়াছ বলেন, “এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নে যারা অর্থ, শ্রম ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। মসজিদের অবশিষ্ট নির্মাণকাজ সম্পন্ন করতে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি।”
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মসজিদের উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

























