
নিউজ ডেস্ক,
সামাজিক যোগাযোগমাধ্যমে বাউল শিল্পীদের নিয়ে করা এক বিতর্কিত মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বাউল শিল্পী হাসিনা সরকার।
এর আগে তিনি অভিযোগ করেছিলেন, নারী বাউল শিল্পীরা অনেক সময় কুপ্রস্তাবের শিকার হন এবং “বেডে” না গেলে অনেক ক্ষেত্রে অনুষ্ঠান পাওয়া কঠিন হয়ে যায়। তার এই মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়।
সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন এবং বলেন, তার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। তিনি আরও জানান, সব বাউল শিল্পীর কাছে তিনি ক্ষমা চাচ্ছেন এবং আগের মতোই সবার ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করেন।
ভিডিওতে তিনি অভিযোগ করেন, মিরপুরে তার একটি অফিস কিছু লোক বন্ধ করে দিয়েছে এবং “হাসিনা সরকার” নাম থাকার কারণে তাকে বিভিন্ন মঞ্চ থেকে বাদ দেওয়া হয়েছে বলেও দাবি করেন।
তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় তাকে নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য ছড়ানো হয়েছে, এমনকি কিছু ক্লাব থেকে তাকে গানের সুযোগ দেওয়ার পরও পরে তা অন্য শিল্পীদের দেওয়া হয়েছে।
নিজের আগের বক্তব্য প্রসঙ্গে তিনি স্বীকার করেন, রাগ ও হতাশার কারণে কিছু মন্তব্য করেছিলেন, যা বলা উচিত হয়নি। তার ভাষায়, কারও সঙ্গে সম্পর্ক না থাকায় তাকে অনুষ্ঠানে ডাকা হয় না—এ ধরনের মন্তব্য করা তার ভুল ছিল।
সবশেষে তিনি বলেন, কিছু অদক্ষ শিল্পী সুযোগ পেলেও প্রকৃত বাউল শিল্পীরা অনেক সময় অবহেলার শিকার হন—তবে তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি সবার কাছে আবারও প্রকাশ্যে ক্ষমা চান।






























