
সোহানুর রহমান বাপ্পি, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের বাসুরদিয়া আমলীতলা বত্রিশে অবস্থিত *“বন্ধু সমাজকল্যাণ সংস্থা”*র মাসিক সাধারণ সভা ও নব-নির্বাচিত কার্যকরী কমিটি (২০২৫–২০২৭ ইং) এর প্রথম অধিবেশন পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সংস্থার সিনিয়র সভাপতি জনাব মোঃ নুরুল্লাহ। প্রধান বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক জনাব মোঃ ইসমাইল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মতিউর রহমান মলাই মিয়া, জনাব ইব্রাহিম খলিল, জনাব আমজাদ হোসেন রাসেল, মোঃ আবুল হোসেন প্রমুখ।
অধিবেশনের উপস্থাপনা ও সার্বিক সহযোগিতা করেন সংস্থার উপদেষ্টা জনাব মোঃ আবু সাঈদ মাহমুদ।
সভায় গরীব ও অসহায় মানুষ, প্রতিবন্ধী, ভিক্ষুক ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ, সমাজ সংস্কার এবং সরকারি বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় আরও জানানো হয়, সরকারি অনুদান পাওয়ার বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে।
উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, বন্ধু সমাজকল্যাণ সংস্থা একটি অলাভজনক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে অগ্রসর হবে এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

























