
কক্সবাজার অফিস:
কক্সবাজার শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ফুটবল খেলা দেখতে গিয়ে শাহেদ সুলতান নাহিদ (১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গত ১২ সেপ্টেম্বর থেকে নিখোঁজ হওয়া নাহিদের সন্ধান পাওয়া যায়নি এখনো।
নিখোঁজ নাহিদের বাড়ি কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের দক্ষিণ মামুনপাড়ায়। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
শিশুটির পরিবার জানায়, ওইদিন বিকেলে শাহেদ সুলতান নাহিদ সাদা রঙের জুব্বা পড়ে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে খেলা দেখতে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান মেলেনি।
ঘটনার পর নাহিদের স্বজনেরা কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নাহিদের পরিবারের সদস্যরা বলেন,
’আমরা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছি।’ কেউ যদি শিশুটিকে দেখেন বা খোঁজ পেয়ে থাকেন তবে কক্সবাজার সদর মডেল থানায় যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

























