
সোহানুর রহমান বাপ্পি ,
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র জনতার সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময়ের কণ্ঠস্বরের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সাব্বির হোসেন (২৭) অতর্কিত হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন।
জানা গেছে, রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থীর সাক্ষাৎকার নেওয়ার সময় হামলা চালায় হাসিবুল হোসেন শান্ত (৩০) নামের এক যুবক ও তার সহযোগীরা। তারা প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং জোর দাবি তোলে—“আগে আমাদের বক্তব্য নিতে হবে।” সাংবাদিক সাব্বির সাক্ষাৎকার চালিয়ে যেতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। এতে সাংবাদিকের নাক-মুখসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং ঠোঁট কেটে রক্তক্ষরণ হয়। পরে উপস্থিত শিক্ষার্থীরা তাকে উদ্ধার করেন।
হামলার পর ভুক্তভোগী সাংবাদিক কিশোরগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি হামলাকারী হাসিবুল হোসেন শান্তসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করেছেন। তবে সংবাদ লেখা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
অভিযুক্ত হাসিবুল হোসেন শান্ত ঘটনাটি স্বীকার করে বলেন, সাংবাদিককে না চিনে ভুলবশত হামলা হয়েছে। “আমি ভেবেছিলাম সাব্বির প্রতিপক্ষ দলের লোক। তিনি যে সাংবাদিক, তা বুঝতে পারিনি।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিলুপ্ত ঘোষিত জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন বলেন, “এই ঘটনার জন্য আমরা দুঃখিত। সাংবাদিক সাব্বিরের পাশে সবসময় থাকবো।”
হামলার শিকার সাংবাদিক সাব্বির হোসেন বলেন, “আমি শুধু কাজ করছিলাম। হঠাৎ কেন আমাকে টার্গেট করা হলো বুঝতে পারিনি। আমি সুষ্ঠু বিচার চাই। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীনভাবে কাজ করা সম্ভব নয়।”
এ ঘটনায় কিশোরগঞ্জের স্থানীয় সাংবাদিক মহল তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, সারাদেশেই সাংবাদিকদের উপর হামলার ঘটনা বেড়ে চলেছে। সম্প্রতি গাজীপুরে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক তুহিন নিহত হওয়ার ঘটনাও এখনো মানুষের মনে দাগ কেটে আছে।

























