
পাবনা প্রতিনিধি:
পাবনার চাটমোহরে অগ্নিকাণ্ডে পাঁচটি বাড়ি ভস্মীভূত হয়ে প্রায় ১৫ লক্ষ্যাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের দাঁথিয়া কয়রাপাড়া বালুদিয়ার গ্রামের শনিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়ে পাঁচটি পরিবারের ঘর-বাড়ি, গবাদিপশু-পাখি, ফসল, নগদ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন শেষে পরিবারগুলোর কাছে সরকারি অনুদান তুলে দেন।
এলাকাবাসী ও পরিবারের সদস্যরা জানান, শনিবার গভীর রাতে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে ঘর, গোয়াল ঘর ও গুদাম ঘরে ছড়িয়ে পড়ে।
পরিবারের লোকজনের চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
ততক্ষণে ঘরে রাখা চাল-ডাল, ধান, রসুন, পাট, আসবাবপত্র নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। একই সাথে গোয়ালে থাকা ছাগল, হাঁস মুরগি জীবন্ত জলে যায় আগুনে।
সংকীর্ণ সড়ক হওয়ায় চাটমোহর ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছাতে অনেক সময় লেগে যায়।
এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও পাঁচটি পরিবারের প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।
জানা গেছে, দাঁথিয়া কয়রাপাড়া বালুদিয়ার গ্রামের মোজাম্মেল প্রামাণিকের ছেলে রবিউল ইসলাম, মৃত ইন্তাজ প্রামাণিকের স্ত্রী শাইমানি খাতুন, ইয়াসিন সরদারের ছেলে আব্দুস সাত্তার সরদার,
সাত্তার সরদারের ছেলে বরকত আলী ও বিজয় হোসেনের বসত ঘরসহ বাড়ির প্রায় সবকিছুই পুরে গেছে। সবকিছু হারিয়ে মানবতার জীবনযাপন করছে পরিবারগুলো।

























