
সাদ্দাম আলী, নীলফামারী:
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এন্ট্রি পদ নবম গ্রেড বহাল রাখা, চারস্তরীয় একাডেমিক পদসোপান প্রবর্তন এবং স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুজ্জামান।
এ সময় বক্তব্য দেন নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান আলী, আহমেদ বুলবুল, নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর মোহাম্মদ আলমগীর, রোকসানা আক্তার, ফজলার রহমান, মনোয়ারা খাতুন, ডিমলা রানী বৃন্দারানী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর আলম সিদ্দিকী বাবলু সহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের দাবি দীর্ঘদিনের এবং তা বাস্তবায়ন হলে শিক্ষা ব্যবস্থার মান আরও সমৃদ্ধ হবে। তাই চারস্তরীয় একাডেমিক পদসোপান ও স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর দ্রæত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা। মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রকে স্বারকলিপি প্রদান করেন শিক্ষকেরা।

























