
কক্সবাজার অফিস:
মাদকের বিনিময়ে মিয়ানমারে আলু পাচারকালে কুতুবদিয়া সমুদ্র এলাকা থেকে ফিশিং ট্রলারসহ ১১ জনকে আটক করেছে কোস্টগার্ড। সংস্থাটির মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার কুতুবদিয়া উপজেলার আলি আকবর ডেইল সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড।
অভিযানে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারকালে একটি ফিশিং ট্রলার তল্লাশি করে প্রায় ৬ লাখ ২৫ হাজার টাকা মূল্যের পাঁচশ বস্তা আলুসহ ১১ জন পাচারকারীকে আটক করা হয়।
সিয়াম-উল-হক আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারকারীরা বাংলাদেশ হতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী আরাকান আর্মির কাছে বিক্রির বিনিময়ে মাদক সংগ্রহ করে বাংলাদেশে পাচার করে বলে স্বীকার করে। জব্দকৃত আলু, পাচার কাজে ব্যবহৃত ট্রলার ও আটককৃত পাচারকারীদের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। মাদক পাচার রোধকল্পে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কোস্টগার্ড।

























