
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার:
নরসিংদী বড় বাজারে চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধের দাবিতে বাজারে সর্বস্তরের ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। শনিবার সকালে বড় বাজার এলাকায় ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, কিছু সন্ত্রাসী বিভিন্ন সময় বড় বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করছে। চাঁদা না দিলে ব্যবসায়ীরা হামলা ও মারধরের শিকার হচ্ছেন । এ সব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের দাবি জানানো হয় । চাঁদাবাজদের বিরুদ্ধে প্রশাসন যদি কোন ব্যবস্থা না নেয়, তাহলে ব্যবসায়ীরা বড় আন্দোলনের ডাক দেয়ার হুশিয়ারি দেন । সেই সাথে সন্ত্রাসীদের প্রতিরোধ করতে ব্যবসায়ী নেতারা প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে একটি বাঁশি ও একটি লাঠি রাখার নির্দেশ দেন ।
নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহেনশাহ্ শানু, নরসিংদী বাজার বণিক সমিতির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক খন্দকার, সাধারণ সম্পাদক মোতালিব ভূইয়া, পরিচালক আসলাম ভূঁইয়া, পরিচালক নওশের মিয়া, মুরাদ হোসেন, মো. শহীদ মিয়া, শফিক মিয়া, ফারুক আহমেদ, নরসিংদী বাজার প্রতিরক্ষা কমিটির সাধারণ সম্পাদক জীবন সাহা, নরসিংদী শহর ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মাতবর মিয়া, সাধারণ সম্পাদক সুজন সাহা প্রমুখ।

























