
বিনোদন ডেস্ক,
নেপালে ভয়াবহ হড়পা বানের পর বিদেশি পর্যটকদের দেশটিতে ভ্রমণের আহ্বান জানিয়েছেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা।
কাঠমান্ডুতে জন্ম নেওয়া এই অভিনেত্রী নেপালের পর্যটন খাতকে দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করে বলেন, দুর্যোগের কারণে যেন পুরো নেপালকে সংকটাপন্ন দেশ হিসেবে দেখা না হয়।
রোববার (৩০ আগস্ট) কাঠমান্ডুতে সদগুরুর আয়োজিত ‘ইন সলিডারিটি উইথ নেপাল’ অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে মনীষা বলেন, নেপালের প্রতি বিশ্ববাসীর ভালোবাসা ও সমর্থন অব্যাহত রাখা প্রয়োজন। পর্যটকদের আবারও নেপালে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, পর্যটনই দেশটির প্রাণশক্তি।
মনীষার ভাষায়, সীমান্তবর্তী কিছু এলাকায় ভয়াবহ দুর্যোগ হলেও নেপালের অন্যান্য অঞ্চলে পর্যটন কার্যক্রম চালু রয়েছে। তাই শুধু দুর্যোগের খবর দিয়ে নেপালকে বিচার না করে দেশটির হিমালয়, প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি, ঐতিহ্য ও মানুষের আতিথেয়তার জন্যও মনে রাখা উচিত।
উল্লেখ্য, ১৯৮৯ সালে নেপালি সিনেমা ‘ফেরি ভেতোলা’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় মনীষা কৈরালার। পরে ১৯৯১ সালে ‘সওদাগর’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। হিন্দি সিনেমার পাশাপাশি তামিল চলচ্চিত্রেও নিজের অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী।
























