
মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আলোচিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানি কারামুক্ত হয়েছেন।শনিবার রাত ৮টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে মুক্তি পেয়েছেন তিনি। ডিজিটাল নিরাপত্তা আইনসহ সব মামলায় জামিন পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছে। মো. রফিকুল ইসলাম মাদানি (২৮), নেত্রকোনা জেলার পূর্বধলার লেটিরকান্দা এলাকার সাহাব উদ্দিনের পুত্র। ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলায় রফিকুল ইসলাম মাদানীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
কারা সূত্র জানায়, আলোচিত শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে গাজীপুর মহানগরীর গাছাসহ তেজগাঁও ও মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এবং মতিঝিল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়। সব মামলার জামিনের কাগজ যাচাই বাছাই শেষে শনিবার রাত ৮টায় তাকে মুক্তি দেয়া হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার আমিনুল ইসলাম মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

























