
তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
সাড়ে ৪ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট ও সাড়ে ৯ লক্ষ কিয়াত উদ্ধারের মামলায় ৩ মিয়ানমার নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল মঙ্গলবার এই রায় দেন। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন- মিয়ানমারের আরাকান রাজ্যের আকিয়াব থানার অন্ডাঙ গ্রামের ছেন টুয়েঙ এর পুত্র মুং ছোঙ অং ও মুংছা দুং এর পুত্র এ্য খ্যংছা এবং আরাকান রাজ্যের আইক্যান পেনিছং গ্রামের মুহাম্মদ ইদ্রিসের পুত্র মুহাম্মদ ইসহাক।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২০ সালের ৭ ডিসেম্বর কোস্ট গার্ডের একটি দল টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন ইউনিয়নের ছেঁড়াদ্বীপ থেকে মিয়ানমারের ওই ৩ মাদক কারবারিকে আটক করে। তাদের নিকট থেকে সাড়ে ৪ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯ লক্ষ ৫১ হাজার মিয়ানমারের মুদ্রা কিয়াত উদ্ধার হয়। এঘটনায় পরদিন টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী, পিপি ফরিদুল আলম রায়ের সত্যতা নিশ্চিত করে জানান- রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এছাড়া তাদের নিকট থেকে জব্দ করা ৯ লক্ষ ৫১ হাজার কিয়াত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও আদেশ দেন আদালত।

























