
তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের রামুতে মাদকাসক্ত পুত্রের সাথে হাতাহাতিতে বয়োবৃদ্ধ পিতার মৃত্যু হয়েছে। রোববার (২২ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পানেরছড়া এলাকার বলিপাড়ার শহিদুল্লাহ (৩২) মদ্যপ অবস্থায় বাড়িতে প্রবেশ করতে গেলে তার পিতা মুহাম্মদ আলম বাধা দেন। এনিয়ে পিতাপুত্রের মধ্যে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। এসময় পরিবারের অন্য সদস্যরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। হাতাহাতির একপর্যায়ে পিতা মুহাম্মদ আলম (৬৫) মাটিতে ঢলে পড়েন।
বৃদ্ধ মুহাম্মদ আলমকে তাৎক্ষণিকভাবে স্থানীয় চেইন্দা মা ও শিশু হাসপাতালে ও পরে লিংকরোডের মেরিন সিটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য রাজা মিয়া ঘটনার বিষয়ে বলেন, ‘রাতে মাদকাসক্ত পুত্র শহিদুল্লাহর সাথে পিতা মুহাম্মদ আলমের হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় মুহাম্মদ আলম অজ্ঞান হয়ে পড়েন। পরে হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন’।
তবে স্থানীয় অনেকের দাবি- বখাটে ও মাদকাসক্ত পুত্র শহিদুল্লাহর মারধরে তার পিতা মুহাম্মদ আলমের মৃত্যু হয়েছে।
জানা গেছে, পিতা হত্যায় অভিযুক্ত শহীদুল্লাহর বিরুদ্ধে মাদক, পাহাড়কাটা, ডাকাতি, সরকারি সার্ভেয়ারের উপর হামলাসহ নানা অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

























