
তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে নিখোঁজের দশদিন পর এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের একটি পাহাড়ের পাদদেশ থেকে মুহাম্মদ (২২) নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
ইজিবাইক চালক মুহাম্মদ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং গ্রামের বাদশা মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, মুহাম্মদ গত ১২ জানুয়ারি সকালবেলা তার ইজিবাইক নিয়ে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা সম্ভাব্য স্থানগুলোতে খবর নিয়েও কোনো হদিস পায়নি।
টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হোসনে মোবারক মরদেহটি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান- পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেছেন। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল হালিম বাহারছড়া ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে একটি মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন- ‘মৃত্যুর রহস্য উদঘাটনে চেষ্টা চলছে’।

























