
তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকা থেকে চারজন কৃষককে অপহরণ করা হয়েছে। পাহাড়ে অবস্থান নেয়া সশস্ত্র ডাকাতদল ও অপহরণকারীচক্র এই ঘটনা ঘটিয়েছে। অপহৃতদের উদ্ধারে অভিযানে নেমেছে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি।
রোববার (৮ জানুয়ারি) ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকার পাহাড়ের পাদদেশের কৃষিক্ষেত থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।
অপহৃতরা কৃষকরা হলেন, হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং গ্রামের আবদুল হাকিম, আবদুর রহমান, আবদুস সালাম ও মুহাম্মদ মুহিবুল্লাহ।
স্থানীয় সূত্রে জানা গেছে, লেচুয়াপ্রাং এলাকায় পাহাড়ের পাদদেশে কৃষকদের ফসল রয়েছে। এলাকাটিতে প্রায় প্রতিরাতে পাহাড়ি হাতির পাল এসে ফসল খেয়ে ও নষ্ট করে চলে যায়। নিজেদের ক্ষেত পাহারা দিতে প্রতিদিনের মতো ওই ৪ কৃষক শনিবার (৭ জানুয়ারি) রাতে পাহাড়ের পাদদেশে যান। পরদিন (রোববার, ৮ জানুয়ারি) সকালে তাদের বাড়ি ফেরার কথা। কিন্তু বিকেল পর্যন্ত কৃষকেরা ফিরে আসেননি।
অপহৃত আবদুস সালামের ভাই রফিক মুন্সি বলেন, ‘পূর্ব অভিজ্ঞতা থেকে ধারণা করা হচ্ছে তাঁর ভাইসহ চারজনকে অপহরণ করেছে সশস্ত্র পাহাড়ি অপহরণকারী ও ডাকাতদল।
টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ‘অপহরণের সংবাদ জানার পর বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে’।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল হালিম বলেন, ‘অপহরণের ঘটনা অবগত হওয়ার পর স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে পুলিশ অভিযানে নেমেছে’

























