
তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে এক নারীসহ দু’জন মাদক কারবারি গ্রেফতার হয়েছে। তাদের নিকট থেকে লক্ষাধিক পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল গ্রামে এই অভিযান চালায় র্যাব।
র্যাব-১৫, কক্সবাজার’র সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফুলের ডেইল গ্রামের মুহাম্মদ শফিকের বাড়ির সামনে এক অভিযান পরিচালনা করে। অভিযানে এক নারীসহ দু’জন মাদক কারবারিকে আটক করা হয়। তারা হলেন- ফুলের ডেইল গ্রামের মৃত মুহাম্মদ হোসাইন ও রশিদা বেগমের পুত্র অছিয়র রহমান (৪৮) এবং মৃত আবদুস সাত্তার ও সালমা খাতুনের মেয়ে এবং মুহাম্মদ শফিকের স্ত্রী আয়েশা খাতুন (৩২)। পরে এদের দেহ তল্লাশি চালিয়ে ও ব্যাগ থেকে ১ লক্ষ ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, অভিযানের বিষয়টি টের পেয়ে আগেই আরো দু’জন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও গ্রেফতার মাদক কারবারিদ্বয়কে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানা গেছে।

























