
তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের চকরিয়ার একটি শপিং কমপ্লেক্স থেকে ১৯১ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার হয়েছে। এসময় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার গোয়েন্দা পুলিশ চকরিয়া শপিং কমপ্লেক্সে এই অভিযান চালায়।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন- চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বনজাগিরপাড়ার মৃত রাজা মিয়ার দুই পুত্র সাইফুল ইসলাম (৩০) ও শহিদুল ইসলাম (১৯) এবং বরইতলি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বানিয়ারছড়া এলাকার মুহাম্মদ শাহজানের পুত্র আবু তাহের (২০)।
কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি ডিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার পাশে শপিং কমপ্লেক্স মার্কেটের নিচতলায় লাইভ টেলিকম-১, লাইভ টেলিকম-২ ও লাইভ টেলিকম -৩ এই তিন দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোকানগুলো থেকে দামি ব্রান্ডের বিভিন্ন মডেলের ১৯১টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২৮ লক্ষ ৬৫ হাজার টাকা। উদ্ধারকৃত মোবাইলের মধ্যে ১০০টি ফোনে আইএমইআই থাকলেও বাকি ৯১টিতে আইইএমআই নেই।
ওসি ডিবি আরো জানান, আসামীরা স্বীকার স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চোরাই মোবাইল ফোন কারবারিদের যোগসাজশে মোবাইল ফোন সংগ্রহ করে তা বিক্রি করে আসছিলো।

























