
চট্টগ্রাম প্রতিনিধি:
জেলা তথ্য অফিস, চট্টগ্রামের উদ্যোগে ২৪ মার্চ ২০২৬ তারিখে মিরসরাই উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয়ে ‘২৫ মার্চ গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র ছাত্রীদের সামনে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও ২৫ মার্চের ভয়াল গণহত্যার স্মৃতি তুলে ধরার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
জেলা তথ্য অফিস, চট্টগ্রামের পরিচালক (রুটিন দায়িত্ব) আয়েশা ছিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দীন কাদের। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন দিদার, মোঃ নুর হোসেন এবং নুরুল আমিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন এবং বর্তমান প্রধান শিক্ষক মোঃ জামশেদ আলম।
মিরসরাই উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে অনুষ্ঠিত হয়।
























