
চঞ্চল,
কুড়িগ্রামের বালারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) একতরফা রাস্তা সংস্কার কার্যক্রম নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে দুদেশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত এক জরুরি পতাকা বৈঠকে এই শক্ত অবস্থান জানান ১৫ বিজিবির অধিনায়ক।
সোমবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ১৫ বিজিবি জানায়, অদ্য বিকেল ৩টা ৩০ মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়নের আওতাধীন বালারহাট বিওপি এলাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ১৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী ইমাম, পিএসসি এবং ভারতের ৩ বিএসএফ ব্যাটালিয়নের পক্ষে নেতৃত্ব দেন কমান্ড্যান্ট কে কে রাও।
বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ছিল সীমান্ত পিলার ৯৩৪ সংলগ্ন জিরো লাইনের ১৫০ গজের ভেতর ভারতের অভ্যন্তরীণ রাস্তা সংস্কার কাজ। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী এ ধরনের যেকোনো নির্মাণ বা সংস্কার কাজের ক্ষেত্রে আগে অবহিত করা বাধ্যতামূলক। ভবিষ্যতে জয়েন্ট সার্ভে টিমের মাধ্যমে স্থান পরিদর্শন না করে কোনো কাজ না করার দাবি জানায় বিজিবি।
বিজিবির আপত্তির মুখে বিএসএফ কমান্ড্যান্ট জানান, সেখানে কোনো রাস্তা প্রশস্ত করা হচ্ছে না, কেবল মেরামত কাজ চলছে। তবে তিনি আশ্বস্ত করেন যে, ভবিষ্যতে বড় ধরনের কোনো কাজ শুরুর আগে বিজিবিকে অবশ্যই অবহিত করা হবে।
বৈঠকে বাংলাদেশ অংশে শিমুলবাড়ী বিওপি সংলগ্ন নাগেশ্বরী সংযোগ সড়কটি পাকাকরণের বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। বিএসএফ পক্ষ জানায়, যথাযথ প্রস্তাবনা পেলে তারা বিষয়টি মানবিক ও নৈতিক দিক থেকে বিবেচনা করবে।
সীমান্তে শান্তি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে লেঃ কর্নেল মেহেদী ইমাম বলেন, “দ্বিপাক্ষিক সমঝোতা ও সীমান্ত নীতিমালা লঙ্ঘন করে কোনো পক্ষ কিছু করলে বিজিবি তা মেনে নেবে না। আমাদের পেশাদারিত্ব ও কঠোর অবস্থান সীমান্তে শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর।”

























