
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে কোমলমতি শিক্ষার্থীদের করোনার টিকাদান কর্মসূচিতে লেজেগোবরে অবস্থা বিরাজ করছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন মোল্লা জানিয়েছেন তারা টিকাদান কর্মসূচী নিয়ন্ত্রণে ব্যর্থ। একসাথে অতিরিক্ত শিক্ষার্থীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত সঠিক নয় বলে মনে করছেন সচেতন মহল।
জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে একসাথে ৫ হাজার শিক্ষার্থীকে করোনা ভাইরাসের টিকা দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। একটি মাঠে এত শিক্ষার্থীকে একসাথে টিকাদান কার্যক্রম পরিচালনা করতে গিয়ে লেজেগোবরে অবস্থা দেখা দিয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম পরিচালনা করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। উপজেলা প্রশাসনের কোন প্রকার সহযোগিতা ছাড়াই টিকাদান কার্যক্রম পরিচালনা করায় এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন।
পরিকল্পনা বিহীন টিকাদান কার্যক্রম নিয়ে অভিভাবকগণ শঙ্কিত । অভিভাবকদের অভিযোগ,স্কুল কর্তৃপক্ষের চরম দায়িত্বহীনতার কারনে হাজার হাজার স্টুডেন্টদের গণ জমায়েত দেখে মনে হচ্ছে কোন গানের কনসার্ট চলছে। একটি মাঠে ৫ হাজার শিক্ষার্থী গাদাগাদি ভাবে অবস্থান করায় একজনের করোনা পজেটিভ থাকলে অসংখ্য শিক্ষার্থীর করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা বলেন, আমরা ৫ হাজার শিক্ষার্থীকে একসাথে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু নিয়ন্ত্রণ করতে কষ্ট হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

























