
মো.ইমরান হোসেন হান্নান,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর জোড়া ব্রিজ এলাকায় মৎস্য খামারের পুকুর থেকে মিষ্টির দোকানের এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় টঙ্গাইল জেলার নাগরপুর থানার সলিমাবাদ এলাকার যরু দেওয়ানের ছেলে নাসির দেওয়ান (৩৫)। তিনি বাক প্রতিবন্ধী ছিলেন।
এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে , গত ৬ মাস পূর্বে নাসির জীবিকার খোঁজে কালিয়াকৈরে আসেন। পরে তিনি উপজেলার সাহেববাজার এলাকায় তাপস মিষ্টান্ন ভান্ডারের গোডাউনে থেকে ওই মিষ্টির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। গত সোমবার রাতে উপজেলার বাসষ্টেশন এলাকায় তাপস মিষ্টান্ন ভান্ডার দোকানে কাজ শেষে চলে যায়।
মঙ্গলবার সকালে উপজেলার লতিফপুর জোড়া ব্রিজ এলাকায় জননী মৎস্য খামারে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল বাশার পুকুরে লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত
করেছেন।

























