
চঞ্চল,
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বসতবাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। আজ রোববার (২৯ মার্চ) দুপুরে র্যাব-১৩-এর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিযানের তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (২৮ মার্চ) বিকেলে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুকদুলালী (ঝাড়িরঝাড়) গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় মাদক কারবারি মোঃ সাইফুল ইসলাম (৪৫)-এর বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তাঁর শয়নকক্ষের খাটের নিচে প্লাস্টিকের বস্তায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৯৫ বোতল ফেয়ারডিল, ৩৩১ বোতল এসকাফ এবং ১ বোতল জোটেক্সা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সাইফুল স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন প্রান্তে সুকৌশলে মাদক সরবরাহ ও বিক্রয় করে আসছিলেন।
র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক তাঁকে আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাবের এই কঠোর গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

























