
মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি,
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ১৭টি মৌজার ৪২টি গ্রামের সরকারি জমি আবাসন প্রকল্পের নামে ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। গতকাল ৮নভেম্বর রবিবার পৈতৃক ভিটামাটি সংরক্ষণ পরিষদ রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করে। উপজেলা কমপ্লেক্স মাঠে মানববন্ধনপূর্বক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের আহবায়ক মোহাম্মদ আহসান উল্লাহ। সভায় বক্তব্য রাখেন পরিষদের রূপগঞ্জ অফিসার এসোসিয়েসনের উপদেষ্টা আবু বক্কর সিদ্দিক, কায়েতপাড়া কৃষিজীবী পরিষদের সভাপতি আব্দুর নূর সালাম, পৈতৃক ভিটামাটি সংরক্ষণ পরিষদের সদস্য নাজমুল ইসলাম, সার্জেন্ট ইলিয়াস আলী (অবঃ) ও গোলজার হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের সরকারি জমি, খেলার মাঠ, চারণভূমি, জলাশয় ও উন্মুক্ত স্থান বিভিন্ন আবাসন প্রকল্পের নামে অবাধে ইজারা দেওয়া হচ্ছে। এসব জনস্বার্থে ব্যবহৃত জমি ইজারা দেওয়া বন্ধ করতে হবে। খেলার মাঠ, চারণভূমিসহ জনস্বার্থে সরকারি জমি উন্মুক্ত রাখতে হবে। বহিরাগতদের নামে ইজারা দেওয়া বন্ধ করতে হবে।
সরকারি জমি ইজারা নিয়ে ঘরবাড়ি নির্মাণ করে বসবাসকারীদের উচ্ছেদ করা যাবে না। ভূমিদস্যু ও দালালদের আইনের আওতায় আনতে হবে। অবিলম্বে আবাসন প্রকল্পের নামে সরকারি জমি ইজারা দেওয়া বন্ধ করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

























