
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ॥
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গাচালা লাল মাঠ এলাকা থেকে গতকাল রোববার দুপুরে পুলিশ এক শিশুকে (৬) ধর্ষণের চেষ্টার অভিযোগে মানিক মিয়া (৩৫) নামের এক যুবককে আটক করেছে।
সে ওই এলাকার মুফতি মাহমুদের বাসার ভাড়াটিয়া। আটক মানিক মিয়া নাটোর সদর উপজেলার হালশা এলাকার মোঃ করিমের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, আটক মানিক মিয়া দুপুরে ওই শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে তার নিজ কক্ষে ডেকে নিয়ে যায়।
পরে রুমের দরজা আটকিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে।
এসময় শিশুটি চিৎকার করলে পাশের বাসার লোকজন ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে শিশুকে উদ্ধার করেন।
পরে আশপাশের লোকজন এসে ওই যুবককে ঘরের ভিতর আটকিয়ে রেখে পুলিশে খবর দেন।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল আলম জানান, অভিযুক্ত মানিক ও ওই শিশুটিকে উদ্ধার করে মৌচাক পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। ঘটনার সত্যতা পাওয়ায় আটক মানিক মিয়াকে ধর্ঘণ চেষ্টা মামলা রুজু করার পর গাজীপুর ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

























