
চঞ্চল,
মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে লালমনিরহাট সীমান্ত এলাকায় বড় ধরনের সাফল্য দেখিয়েছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। গত ২৪ ঘণ্টায় ভিন্ন ভিন্ন বিওপির চারটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাফ সিরাপ, ফেয়ারডিল ও ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ১৫ বিজিবি’র পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৫ বিজিবি’র টহলদল খামারবাতি, বিদ্যাবাগিস ও কুমারটারী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মালামাল ফেলে পালিয়ে গেলে সেখান থেকে ১৪৬ বোতল ইস্কাফ, ১০০ বোতল ফেয়ারডিল এবং ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া ২৪ মার্চ ভোরে কুড়িগ্রামের নাগেশ্বরী থানার ত্রিমহনী এলাকায় অভিযান চালিয়ে মোঃ হাসানুজ্জামান (৩৮) নামক এক ব্যক্তিকে ১৩ বোতল ইস্কাফ সিরাপসহ হাতেনাতে আটক করে বিজিবি। আটককৃত ব্যক্তি ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ শিংঝাড় গ্রামের বাসিন্দা।
১৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানিয়েছেন, জব্দকৃত মাদকদ্রব্যের সর্বমোট বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৩৯ হাজার টাকা। আটককৃত আসামির বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় মামলা দায়ের করে মাদকসহ হস্তান্তর করা হয়েছে। মাদক চক্রের সাথে জড়িত অন্যান্যদের চিহ্নিত করার কাজও প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, “যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।”
























