
তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা আবু বক্কর সিদ্দিক শ্যামল ও তার ঘনিষ্ঠ সহযোগী ছাত্রলীগ নেতা কামরুল হাসানকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখার “ডিবি” অভিযানিক দল।
আজ বৃহস্পতিবার “২৭ ফেব্রুয়ারি” দুপুরে লালমনিরহাট পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আবু বক্কর সিদ্দিক শ্যামল -৪২- হাতীবান্ধা উপজেলার মধ্য-গড্ডিমারী গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক।
অন্যদিকে তার সহযোগী কামরুল হাসান -৩২- পাটগ্রাম উপজেলার ছিটমহল দহগ্রামের ফজলুল হকের ছেলে ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।
জেলা পুলিশ ও প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বুধবার “২৬ ফেব্রুয়ারি” রাজধানী ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ-২ এলাকা এবং ধানমন্ডির সোবাহানবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শ্যামলের বিরুদ্ধে রংপুরে হত্যার চেষ্টার মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি ও তার অন্যতম সহযোগী কামরুল ঢাকাসহ বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে বিগত আওয়ামীলীগ সরকারকে পুনর্বাসনের লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমত গড়ে তোলা ও দেশকে অস্থিতিশীল করে তোলার নানা অপপ্রয়াস চালিয়ে যাচ্ছিলেন। তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপে, ইউটিউব চ্যানেলে এবং জুম প্লাটফর্মে দেশ ছেড়ে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও বার্তায় উদ্বুদ্ধ হন। ফলে তারা বর্তমান সরকারকে উৎখাত করে ও শেখ হাসিনাকে দেশে এনে পুনরায় ক্ষমতার মসনদে বসানোর পরিকল্পনা করছিলেন। আর এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের আঃলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং সমর্থকদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপের সাথে অনলাইনে সংযুক্ত হয়ে রাষ্ট্র ও জন নিরাপত্তা তথা শৃঙ্খলা বিনষ্টের লক্ষ্যে বিভিন্ন ক্ষতিকর কাজের পরিকল্পনা এবং বর্তমান সরকারের বিরুদ্ধে জনমনে ঘৃণাবোধ সৃষ্টি করে জনসাধারণের মধ্যে উত্তেজনা সৃষ্টির অভিপ্রায় নিয়ে বিভিন্ন ধ্বংসাত্মক কাজ করার জন্য সংশ্লিষ্ট এলাকায় তাদের কর্মী বাহিনীকে সংগঠিত করছিলেন যা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।
লালমনিরহাট পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, ডিবি’র মাধ্যমে ঢাকা থেকে এই দুজনকে গ্রেপ্তার করে লালমনিহাটে আনা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানোর কথা রয়েছে।

























