
নুর মোহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারের রামুতে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পশ্চিম উমখালী বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার জেলা পুলিশ সুপার জনাব এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে এসআই অনুপ কুমার ধর ও সঙ্গীয় ফোর্স এলাকায় টহল দিচ্ছিলেন।
রাত পৌনে ১১টার দিকে দক্ষিণ মিঠাছড়ি বাজারের জনৈক মোঃ আলমের দোকানের সাটার খোলার চেষ্টা করছিল একদল ডাকাত। বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। যার মধ্যে রয়েছে: ১টি লম্বা কিরিচ (৩৮ ইঞ্চি), ১টি ধারালো দা (১৯ ইঞ্চি), ১টি লোহার শাবল (৩৩ ইঞ্চি), ১টি কাঠের বাটযুক্ত হাতুড়ি (১২ ইঞ্চি)।
গ্রেফতারকৃত আসামীরা হলেন চাকমারকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের মিয়াজীপাড়া এলাকার মৃত সুলতান আহমদ, খতিজা বেগমের পুত্র মোঃ সাহাব উদ্দিন (২৬), চাকমারকুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলী হোসেন সিকদারপাড়ার মনসুর আলম ও দিলোয়ারা বেগমের পুত্র মাহফুজুর রহমান জুয়েল(১৯) ও একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের মিয়াজীপাড়ার বাসিন্দা আজিজুল হক ও ফাতেমা বেগমের পুত্র মাকসুদুল হাসান জিহাদ (১৯)।
রামু থানা পুলিশ জানিয়েছে, ধৃত আসামিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
























