
নুর মোহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারের রামুতে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহৃত ৬ বছর বয়সী শিশু ইয়াছিন আরাফাতকে অক্ষত অবস্থায় দক্ষিণ মিঠাছড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।
অপহরণের পর চিরুনি অভিযান চালিয়ে সাড়ে ৫ ঘণ্টার মধ্যে অপহরণকারী নূর হোসেনকে (৪৫) গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ মার্চ দিবাগত রাত ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে একটি ফোন কল আসে রামু থানায়।
সংবাদদাত্রী কহিনুর আক্তার (৩০) জানান, তিনি একজন দিনমজুর। প্রতিদিনের মতো সন্তানদের ঘরে রেখে তিনি বনে কাঠ কাটতে গিয়েছিলেন।
সেই সুযোগে অজ্ঞাতনামা ব্যক্তিরা তার ছোট ছেলে ইয়াছিন আরাফাতকে অপহরণ করে নিয়ে যায় এবং মুক্তিপণ দাবি করতে থাকে।
খবর পাওয়া মাত্রই রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মনিরুল ইসলাম ভুইয়া-র নেতৃত্বে অভিযানে নামে পুলিশ।
এলাকায় দায়িত্বরত মোবাইল-৫ (৩) টিমের এএসআই মোঃ আশেকুর রহমান ও সঙ্গীয় ফোর্স নিয়ে সারা রাত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
অবশেষে ১১ মার্চ ভোর ৪টা ৩৫ মিনিটের দিকে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ঘোনারপাড়া সুইচ গেট এলাকা থেকে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়।
এসময় হাতেনাতে গ্রেফতার করা হয় অপহরণকারীকে তিনি দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের
চেইন্দা, ঘোনারপাড়া এলাকার মৃত মোঃ হানিফ’র পুত্র নূর হোসেন (৪৫)।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত নূর হোসেন ভিকটিমের দূর সম্পর্কের চাচা। ভিকটিমের বাবার সঙ্গে আসামির দীর্ঘদিনের আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধ ছিল। সেই পাওনা টাকা আদায়ের কৌশল হিসেবেই তিনি শিশুটিকে অপহরণ করেছিলেন।
উদ্ধারকৃত শিশু ইয়াছিন আরাফাতকে বর্তমানে তার মা কহিনুর আক্তারের হেফাজতে ফিরিয়ে দেওয়া হয়েছে।
রামু থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বাদীর এজাহার প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
























