স্টাফ রিপোর্টার- মেহেরপুর।।
মেহেরপুরের গাংনীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক ও অফিস সহকারী তোফাজ্জেল হোসেনের উপর হামলার ঠিক ২ দিন পর এবার গাংনী সরকারি ডিগ্রি কলেজের হিসাব সহকারী রবিউল ইসলাম -৫০- কে পিটিয়ে ও ইট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করা হয়েছে। আহত রবিউল গাংনী উপজেলার মহব্বতপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।
বুধবার -৬ নভেম্বর- দুপুরের দিকে গাংনী সরকারি ডিগ্রি কলেজ চত্বরে চৌগাছা গ্রামের তরিকুল ও সজিব নামের দু’জন তিনাকে গালি-গালাজসহ মারধরের এক পর্যায়ে ইট দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেয় বলে জানা গেছে।
হামলার শিকার রবিউল ইসলাম জানান- গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের তরিকুল ও সজিব তাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন।
তবে নিরাপত্তার অভাবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেনি বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান- রবিউল কলেজ গেটের বাইরে আসার সাথে সাথেই তরিকুল ও সজিবসহ কয়েকজন যুবক তার গতিরোধ করে গালি-গালাজ শুরু করে এবং কিল ঘুষি ও লাথি মারতে মারতে কলেজ চত্বরে নিয়ে যায়। এক পর্যায়ে রাস্তার পাশে পড়ে থাকা ইট দিয়ে তরিকুল মাথায় আঘাত করলে রবিউল রক্তাক্ত জখম হন। খবর পেয়ে কলেজের শিক্ষক- কর্মচারী ও স্থানীয়রা রবিউলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
আহত রবিউল ইসলাম জানান- তার সাথে কারো কোন শত্রুতা নেই। শুধু মাত্র আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকার কারণে এই হামলা করা হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ -ওসি- বানী ইসরাইল জানান- সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এঘটনায় তরিকুল ও সজিনকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

























