
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরে দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানি মামলার প্রতিবাদে জেলা সদর ও শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিভিন্ন সাংবাদিক সংগঠনের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।
গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে সভাপতিত্ব করেন যুগান্তরের স্টাফ রিপোর্টার আবুল কাশেম। এদিকে শ্রীপুরে চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ফজলুল হক মোড়লের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গাজীপুর মহানগর যুবলীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের দখলদারিত্ব, মাদক ব্যবসা ও দলীয় পদ কেনাবেচা নিয়ে সমকালে প্রতিবেদন প্রকাশের পর সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানি মামলা করেছেন তিনি।
বুধবার সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মামলা দায়ের করেন সাইফুল। গত ১১ মার্চ সমকালের প্রথম পৃষ্ঠায় ‘যুবলীগের সাইফুল অপরাধে মশগুল’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়। বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনে প্রতিবাদি গণমাধ্যমকর্মীরা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

























