মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলাকালে দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার সকাল থেকে গাজীপুর মহানগরী কোনাবাড়ি ও কাশিমপুর এলাকার বিভিন্ন গার্মেন্টস শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মিছিল বের করে মহাসড়ক অবরোধ করে রাখে। আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করেছে।
পুলিশ জানায়, আন্দোলন চলাকালে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের বেশ কয়েকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ারসেল ছুড়ে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে ক্ষুব্ধ শ্রমিকরা কোনাবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী দুই বাসে আগুন ধরিয়ে দেন। শ্রমিকরা সংগঠিত হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবস্থান নেয়। পুলিশ, বিজিবি, র্যাবের একাধিক দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। কোনাবাড়ি কাশিমপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানবাহন চলাচল করছে। দুপুর সাড়ে এগারোর সময় যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) ইব্রাহিম খান বিষয়টি নিশ্চিত করে জানান, কোনাবাড়িতে আন্দোলন শ্রমিকরা সড়ক অবরোধ করে এবং দুটি বাসে আগুন দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে । শ্রমিকরা যেন কোনো সহিংসতা না করে সেজন্য সড়কে আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে।

























