
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরের অবৈধ সাত ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দিনভর উপজেলার কয়েকটি এলাকায় চলে বিশেষ অভিযান। এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীর। অভিযানে উপজেলার সোনাখালী এলাকার কেবিসি ব্রিকস গুঁড়িয়ে দেওয়া হয়।
পাশাপাশি ওই ইটভাটাকে সাড়ে আট লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ডুবাইল এলাকার জেআরএইচ ব্রিকস, একতা ব্রিকস, এসএমবি-১ ব্রিকস, এসএমবি-২ ও এনআরএম ব্রিকস থেকে এক লাখ টাকা করে ও পদ্মা ব্রিকস থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মঈনুল হক, মমিন ভূঁইয়াসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মকর্তারা জানান, হাইকোর্টের নির্দেশনায় বিশেষ অভিযান চলছে।

























