
তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি, রোহিঙ্গানেতা আসাদুল্লাহ গ্রেপ্তার হয়েছেন। বাংলাদেশী পাসপোর্টে সৌদি আরব পালানোর সময় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন তিনি। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোহিঙ্গানেতা আসাদুল্লাহ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের জেদ্দাগামী ফ্লাইট বিজি-১৩৫ এ আরোহনের বোডিংপাস গ্রহণ করেন। পরে ইমিগ্রেশন পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে তাঁকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁর পরিচয় নিশ্চিত হয় শাহ আমানত বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ। পরে আসাদুল্লাহকে চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শনিবার (১১ ফেব্রুয়ারি) তাঁকে কক্সবাজার জেলা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
সূত্র জানায়, গ্রেপ্তার আসাদুল্লাহ রোহিঙ্গাদের একটি সংগঠনের শীর্ষপর্যায়ের নেতা। তাঁর বিরুদ্ধে উখিয়া থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

























