
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি
ইসলামের পাঁচটি মূল স্তম্ভের মধ্যে যাকাতও একটি। ইসলামি বিধান অনুযায়ী সাত দশমিক পাঁচ তোলা স্বর্ণ ও বায়ান্ন দশমিক পাঁচ তোলা রুপার সমপরিমাণ টাকা থাকলে সে ব্যক্তিকে শতকরা দুই দশমিক পাঁচ টাকা পরিমাণ যাকাত আদায় করতে হয়। দেশে যে পরিমাণ করদাতা রয়েছেন তার অর্ধেকও যদি ইসলামী শরীয়ত মতে সম্পদের অর্ধেক পরিমাণ যাকাত দেয় এবং এ যাকাত যদি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আদায় করে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্যয় করা হয় তাহলে বাংলাদেশে দারিদ্র্য দূরীকরণ সমস্যা হয়ে দাঁড়াবে না।
শুক্রবার(২১ মার্চ ) বিকেলে সাতকানিয়ার পুরানগড় ইউনিয়নের নবজাগরণ একতা সংঘের উদ্যোগে আয়োজিত আলোচনাসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) এর চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম চৌধুরী এসব কথা বলেছেন।
ইব্রাহিম চৌধুরী আরো বলেন, যাকাত ইসলামে একটি অপরিহার্য ইবাদত। যে ব্যক্তির উপর যাকাত ফরজ হয়েছে তাকে তা আদায় করতে হবে। ফরজ হওয়া সত্ত্বেও যারা যাকাত আদায় করে না বা এর ফরযিয়তকে অস্বীকার করে তারা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আর আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন কিন্তু সে অনুযায়ী যাকাত দেয়নি, কেয়ামতের দিন তা বিষধর স্বর্পরূপে উপস্থিত হয়ে গলায় পেঁচিয়ে দংশন করবে। এছাড়া যাকাত আদায়ের বিষয়ে কুরআন ও হাদিসে অনেক শাস্তির বিধানের কথা বর্ণনা করা হয়েছে। তাই প্রত্যেকের উচিত ধর্মীয় বিধান অনুযায়ী যাকাত আদায় করা।
চট্টগ্রামস্থ হালিশহর নয়াবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি মো. ফোরকানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, মরহুম আবু তাহের ফাউন্ডেশন এর চেয়ারম্যান মো.আমান উল্লাহ , আইবিডব্লিউএফ সাতকানিয়া উপজেলার সহ-সভাপতি নুরুল ইসলাম রাজা ও পুরানগর ইউনিয়ন বিএনপি নেতা মো. জসিম উদ্দিন। প্রধান আলোচক ছিলেন, উত্তর মনেয়াবাদ জামে মসজিদের খতিব মাওলানা রশিদ আহমদ বাহারি।
হাফেজ মোঃ ইসমাইল এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, এ সংগঠনের সভাপতি মো.জমির উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম সাজ্জাদ ও অর্থ সম্পাদক ইমরান বিন সালেহ প্রমুখ।
























