
চঞ্চল,
রংপুরের তারাগঞ্জে গত বছরের আগস্টে সংঘটিত জোড়া হত্যাকাণ্ডের পলাতক আসামি মজিদুল ইসলাম (২৪)-কে গ্রেফতার করেছে র্যাব-১৩। শুক্রবার (১৩ মার্চ) রাত ১২টা ২০ মিনিটে তারাগঞ্জ উপজেলার ফকিরপাড়া এলাকায় এক গোপন অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়। দুপুরে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৯ আগস্ট রাতে মিঠাপুকুর থেকে নিজ বাড়িতে ফেরার পথে ভিকটিম রূপলাল রবিদাস ও প্রদীপ লাল তারাগঞ্জের বুড়িরহাট বটতলা মোড়ে পৌঁছান। সেখানে স্থানীয় কিছু লোক তাদের গতিরোধ করে তল্লাশি চালায়। ভিকটিমদের কাছে থাকা পানীয় থেকে দুর্গন্ধ বের হওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উত্তেজিত জনতা তাদের বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে গিয়ে লাঠি ও রড দিয়ে বেধড়ক মারধর করে।
গুরুতর আহত অবস্থায় রূপলালকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন প্রদীপ লাল। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র্যাব-১৩ গোয়েন্দা নজরদারি শুরু করে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে মামলার অন্যতম আসামি মজিদুল ইসলামকে (পিতা- আলতাফ হোসেন) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র্যাব।

























