
চঞ্চল,
‘কর্মস্থলে ডায়াবেটিক সচেতনতা গড়ে তুলুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে বিশ্ব ডায়াবেটিক দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৫ নভেম্বর) প্রথমে দুপুর ১২:৩০ মিনিটে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এরপর দুপুর ২:০০ টায় শহরের সোনালী পার্কে অবস্থিত ডা. সেলিমা ডায়াবেটিক ও জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট ডায়াবেটিক সমিতির অ্যাডহক কমিটির সদস্য আমিরুল হায়াত আহমেদুর মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গেরিলা লিডার ও সমিতির অ্যাডহক কমিটির সদস্য শফিকুল ইসলাম কানু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. অসীম ভট্টাচার্য (সুপারিন্টেন্ডেন্ট, ডা. সেলিমা ডায়াবেটিক ও জেনারেল হাসপাতাল)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. রাতুল শর্মা (মেডিকেল অফিসার), ডা. ফাতেমাতুজ্জ জুহুরা (মেডিকেল অফিসার),ডা. মৃত্তিকা সরকার (ওরাল এন্ড ডেন্টাল সার্জন)।
আলোচনা সভায় বক্তারা ডায়াবেটিক রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। তাঁরা বিশেষত কর্মস্থলে এই রোগের ঝুঁকি ও প্রতিরোধের বিষয়ে মনোযোগ দিতে এবং স্বাস্থ্যকর জীবনধারা অনুশীলনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় ডা. সেলিমা ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালের সকল কর্মচারী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

























